সময়পত্র ডেস্ক: চলতি মৌসুমে বাংলাদেশের আম রফতানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
প্রথম ধাপে প্রায় ৭ টন আম মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। গন্তব্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যুক্তরাজ্য ও জার্মানি।
মন্ত্রী জানান, আম রফতানি বাড়াতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে। এর আগে চলতি মৌসুমেই প্রায় সাড়ে ৪১ টন আম যুক্তরাজ্য, জার্মানি, লেবানন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে।
তবে রফতানিকারকদের অভিযোগ, পাকিস্তান, থাইল্যান্ড বা কেনিয়া–র তুলনায় বাংলাদেশের আম রফতানিতে উড়োজাহাজ ভাড়া প্রায় ৫০ শতাংশ বেশি। পচনশীল পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট কার্গো ফ্লাইট না থাকায় যাত্রীবাহী বিমানের ওপর নির্ভর করতে হচ্ছে, ফলে সম্ভাব্য বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, একসময় শুধু প্রবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন ইউরোপের বিভিন্ন দেশের সুপারশপেও বাংলাদেশের আম পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ৩৮টি দেশে আম রফতানির অভিজ্ঞতা অর্জন করেছেন দেশের রফতানিকারকেরা।

