মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তা এখন পর্যালোচনা করছে তেহরান। বৃহস্পতিবার (২১ মে) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘নূর নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যসূত্র: বি বি সি
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খসড়া নথির শর্ত ও ভাষা নিয়ে পাকিস্তান সরকারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে একাধিক দফায় বার্তা আদান-প্রদান চলছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার ভিত্তিতে ইতিমধ্যে কয়েক দফা যোগাযোগ হয়েছে। তিনি বলেন, মার্কিন পক্ষের মতামত ও অবস্থান তেহরানের কাছে পৌঁছেছে এবং তা গুরুত্বসহকারে মূল্যায়ন করা হচ্ছে।
সংঘাত এড়াতে এবং কূটনৈতিক যোগাযোগ সচল রাখতে ইসলামাবাদ মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

