নিজস্ব প্রতিনিধি: পবিত্র কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর খামারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় ও ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন খামারে ঘুরে পছন্দের গরু খুঁজছেন ক্রেতারা।
বিশেষ করে বড় আকারের ও বাহারি গরুগুলোকে ঘিরে মানুষের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিশাল আকৃতির সাদা গরু এবং বিদেশি জাতের গরু দেখতে অনেকেই খামারে ভিড় করছেন। এসব গরুর দাম কয়েক লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা।
তবে খামার মালিকদের মতে, এবার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি আকারের দেশি গরুর। বিশেষ করে ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে থাকা গরুগুলোই বেশি বিক্রি হচ্ছে।
এবার অনলাইনেও গরু বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওজন দেখানো এবং আগাম বুকিংয়ের মাধ্যমে অনেক ক্রেতা ঘরে বসেই কোরবানির পশু পছন্দ করছেন।
অন্যদিকে রাজধানীর পশুর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও এখনো ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের শেষ কয়েক দিনে কেনাবেচা জমে উঠবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার অনেকেই সাধ্যের মধ্যে কোরবানি সম্পন্ন করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

