নিজস্ব প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনায় ইভটিজিং ও অসদাচরণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ইসলামনগর ফটক এলাকায় স্থানীয় এক ব্যক্তি দুই নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে যান।
এদিকে বটতলা এলাকায় একটি হোটেলের এক কর্মচারীর বিরুদ্ধে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় এক ছাত্রীকে স্পর্শ করার অভিযোগ ওঠে। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে কলা ও মানবিক অনুষদ এলাকায় এক যুবক ছাত্রীদের সামনে জামা খুলে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। তিনি আ ফ ম কামালউদ্দিন হল-সংলগ্ন একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে। পরে শিক্ষার্থীরা তাকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের কাছে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

