যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি হাসপাতালকে ঘিরে ঘটে গেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তথ্যসূত্র: ফেসবুক
১৯৯৫ সালের ২৩ মার্চ সান আন্তোনিওর মেথডিস্ট হাসপাতালে জন্ম নেন লরেন কর্টেজ। সেই সময় তার জন্ম করিয়েছিলেন চিকিৎসক ডা. ব্রায়ান কক্স।
ঠিক ২৫ বছর পর একই হাসপাতালের প্রসূতি বিভাগে আবারও হাজির হন লরেন। তবে এবার তিনি নবজাতক হিসেবে নয়, একজন মা হয়ে এসেছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তার সন্তানের জন্মও করান সেই একই চিকিৎসক—ডা. ব্রায়ান কক্স।
দীর্ঘ তিন দশকের বেশি সময়ের চিকিৎসাজীবনে পাঁচ হাজারেরও বেশি শিশুর জন্ম দিয়েছেন এই চিকিৎসক। তবুও লরেন ও তার সন্তানের ঘটনাটি তার কাছে ছিল একেবারেই আলাদা ও আবেগঘন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. কক্স বলেন, লরেনের জন্মের সময় থেকেই তিনি তাকে দেখেছেন। ছোটবেলা থেকে বড় হওয়া, এমনকি মা হওয়ার পুরো সময়টুকুরও সাক্ষী ছিলেন তিনি। তাই একই পরিবারের দুই প্রজন্মকে পৃথিবীর আলো দেখানোর মুহূর্তটি তার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।
লরেনের মা ইসাবেল লুনার সঙ্গেও চিকিৎসকের দীর্ঘদিনের পরিচয় ছিল। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরুর পর থেকেই তাদের সম্পর্ক, যা সময়ের সঙ্গে অনেকটা পারিবারিক বন্ধনে পরিণত হয়।
সবচেয়ে আবেগঘন বিষয় ছিল একটি ছবির পুনরাবৃত্তি। লরেনের জন্মের দিন নবজাতককে কোলে নিয়ে একটি ছবি তুলেছিলেন ডা. কক্স ও ইসাবেল। বহু বছর পর একই ভঙ্গিতে আবার ছবি তোলা হয়, তবে এবার লরেনের কোলে ছিল তার নিজের সন্তান।
পরে লরেন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশ্বের নানা প্রান্তের মানুষ এই হৃদয়ছোঁয়া ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেন।

