চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তথ্যসূত্র: বিবিসি
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীন চলমান বাণিজ্য বিরোধ কমিয়ে কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে।
বিশেষ করে চীন মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার বিষয়ে আলোচনা তুলতে পারে। পাশাপাশি প্রযুক্তি খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে দুই নেতার বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শনের কথা রয়েছে। পরে রাষ্ট্রীয় ভোজসভায়ও অংশ নেবেন তারা।
দীর্ঘ প্রায় নয় বছর পর বুধবার বেইজিং সফরে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সফর উপলক্ষে তাকে বিশেষ কূটনৈতিক সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে রয়েছেন টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নির্বাহীরা।

