নিজস্ব প্রতিনিধি: পুলিশ বাহিনীকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় বহু পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। তিনি বলেন, সেই আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীনতার লড়াই আরও বেগবান হয়েছিল এবং দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রমাণ করেছে যে স্বাধীন ও দক্ষ বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাই পুলিশের মূল দায়িত্ব। তাই সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক সুনামের কথাও তুলে ধরেন এবং দেশের ভেতরেও সেই মর্যাদা ধরে রাখার আহ্বান জানান।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে। বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

