ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র-এর ফ্লোরিডা-য় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুরে টাম্পা এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-র শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সার্ভিস প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার মরদেহটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ সরকার নিহত দুই শিক্ষার্থী—নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমন-এর মরদেহ দেশে আনার সব ব্যয় বহন করছে। এর আগে লিমনের মরদেহ গত সোমবার ঢাকায় পৌঁছায়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ বৃষ্টির পরিবারকে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।
এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সমাবর্তন অনুষ্ঠানে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং প্রতীকীভাবে দুটি খালি চেয়ার রাখা হবে।

