শুধু রাজধানী নয়, দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার – এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, উন্নয়নকে ঢাকাকেন্দ্রিক না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ঢাকা-কেন্দ্রিক সুযোগ-সুবিধার কারণে মানুষ বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসছে। এ প্রবণতা কমাতে বিকেন্দ্রীকরণ পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে মানুষ নিজ নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় সেবা পেতে পারে। একইসঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নগর ব্যবস্থাপনায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট’ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে প্রায় পাঁচ লাখ গাছ রোপণের পরিকল্পনার কথা জানান তিনি। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

