রাতভর মেঘে ঢাকা থাকার পর ভোর হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা। বুধবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ নামা এই ভারী বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও নগরবাসীর দৈনন্দিন চলাচলে নেমে আসে ভোগান্তি।
বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অনেকেই ছাতা ছাড়াই বের হয়ে বৃষ্টিতে ভিজে যান, আবার অনেকে আশ্রয় নেন কাছাকাছি দোকান বা ভবনে। ছাতা থাকলেও প্রবল বৃষ্টির কারণে অনেকের কাপড় ও জুতা ভিজে যায়, ফলে দুর্ভোগ আরও বাড়ে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের মধ্যে দেশের কিছু অঞ্চলে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

