চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার করেরহাট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ রেলওয়ে-তে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
রেল সূত্রে জানা গেছে, রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর ঠিক করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান।
বাড়বকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার রাজ কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হবে।

