নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দল স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকার পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়চোপড়ও লুট করে নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল কড়ইতলা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী শাহ পরানের বাড়িতে হানা দেয়। এ সময় দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, একটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে তারা।
এরপর ডাকাত দলটি পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে ঢোকে। সেখানে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
সবশেষে রাস্তার পাশের পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয় ডাকাতরা। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করা হয়।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, “এর আগেও আমার বাড়িতে ডাকাতি হয়েছে। এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
ঘটনার পর পুলিশ তিনটি বাড়িই পরিদর্শন করেছে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার প্রথম আলোকে বলেন, “লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

