পরিবেশ সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এখন বৈশ্বিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে, কিন্তু মানুষ অনেক সময় সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এর ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারে না। তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত জরুরি। একই সঙ্গে বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট এবং পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

