চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ভুট্টা, বোরো ধান, পান, কলা, পেঁপে ও আমসহ নানা ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর আবাদি জমির মধ্যে একটি বড় অংশ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি যেসব ফসলে
- ভুট্টা: প্রায় ২৬৩ হেক্টর
- বোরো ধান: প্রায় ৬০ হেক্টর
- কলা: প্রায় ৪১ হেক্টর
- পেঁপে: প্রায় ১১ হেক্টর
এছাড়াও ঝড়ের তাণ্ডবে পানের বরজ ও আমের গুটি ঝরে পড়েছে। অনেক স্থানে ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী জানান, ক্ষতিগ্রস্ত ফসলের তালিকা তৈরি করা হয়েছে এবং মাঠপর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।

