রাজধানীতে আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হচ্ছে হামের বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, হামের প্রাদুর্ভাবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন সদ্য জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে বয়স্করাও। বিশেষ করে শিশুদের আক্রান্তের হার বেশি হওয়ায় উদ্বেগ বাড়ছে।
দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন রোগী। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জনেরও বেশি রোগী।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আশ্বস্ত করে তিনি জানান, হাম রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসক, ওয়ার্ড ও বেড সংকট নেই।
কর্নেল লতিফা রহমান আরও বলেন, জরুরি টিকাদান কার্যক্রম শুরু হলে সংক্রমণের হার কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে।

