দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
একইসঙ্গে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
এ ছাড়া জ্বালানি সাশ্রয়ে আরও কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকার মনে করছে, জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয় এবং সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ কমাতে এসব পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।

