দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ চার জেলায় আরও ৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের সময়মতো টিকা না পাওয়াই পরিস্থিতি জটিল হওয়ার অন্যতম বড় কারণ। চিকিৎসকদের মতে, হাম প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২৯ মার্চ থেকে সারাদেশে এই কর্মসূচি শুরু হবে। এর আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হবে।
শিশু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জন্মের পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা না দিলে শিশুদের মধ্যে হাম, নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল সংক্রমণ দেখা দিতে পারে। এতে শ্বাসকষ্ট, উচ্চ জ্বর, পানিশূন্যতা ও অন্যান্য জটিলতা তৈরি হয়ে মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন এবং কক্সবাজারে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকাসহ দেশের ৮ বিভাগে হামের উপসর্গ নিয়ে ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে দ্রুত টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া এবং সংক্রমণ ছড়ানো ঠেকাতে সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।

