হবিগঞ্জের মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত থেকে লাইনচ্যুত পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক উদ্ধারে কাজ করছে রেলওয়ের রিলিফ ট্রেন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধার ও মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনার জেরে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’, এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনটি মনতলা স্টেশন পার হয়ে শাহপুর এলাকায় পৌঁছালে এর পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়।
লাইনচ্যুতির পর কয়েকটি ওয়াগন থেকে তেল গড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় কিছু মানুষ তা সংগ্রহের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবি সদস্যরা লুট করা তেল জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলেই ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

