ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে বাড়িঘর ও স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মালাক্কা সাগর এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টারনেট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই ৫ দশমিক ৫ এবং ৫ দশমিক ২ মাত্রার অন্তত দুটি আফটারশক রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পরবর্তী সময়েও আরও কম্পন অনুভূত হতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বাড়িঘর ও ভবনের অংশ ধসে পড়েছে। একটি ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
যে দ্বীপ এলাকায় ভূমিকম্পটি বেশি অনুভূত হয়েছে, সেখানে দুই লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। কারণ, দেশটি কয়েকটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে।

