ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ‘ক্রুসেড’ বা ‘ধর্মযুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়ে ইরানের পক্ষে লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছে চেচেন বাহিনীর একটি অংশ। বিশেষ করে চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’-সংশ্লিষ্ট মহল থেকে এই যুদ্ধকে সরাসরি ‘জিহাদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
মূলত, এই বাহিনী রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচনিয়া অঞ্চলের ক্ষমতাধর নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ বলয়ে পরিচিত। কাদিরভের অনুসারী আধাসামরিক গোষ্ঠী ‘কাদিরোভতসি’ দীর্ঘদিন ধরেই রাশিয়ার পক্ষে বিভিন্ন সংঘাতে সক্রিয় রয়েছে। ইউক্রেন যুদ্ধেও তাদের অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে আলোচিত ছিল।
প্রতিবেদন অনুযায়ী, চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’-এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়ার অনুমোদন মিললে তার যোদ্ধারা ইরানে যেতে প্রস্তুত। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে চলমান হামলাকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে আঘাত হিসেবে তুলে ধরেন।
অন্যদিকে, চেচেন নেতা রমজান কাদিরভও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে। যদিও মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ইরানে চেচেন যোদ্ধা পাঠানোর ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবেই বেশি গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের ঘোষণা না হলেও, তা ইরানকে ঘিরে রাশিয়ার কৌশলগত অবস্থান সম্পর্কে একটি ইঙ্গিত বহন করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে রাশিয়া সরাসরি জড়াতে না চাইলেও, মিত্রপক্ষকে মনস্তাত্ত্বিক ও প্রতীকী সমর্থন দেওয়ার পথ খোলা রাখছে বলেই ধারণা করা হচ্ছে।

