জ্বালানি সংকট ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় নিয়ে ভাবছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হবে।
মন্ত্রী জানান, রমজানসহ নানা কারণে পাঠদান ঘাটতি পোষাতে কিছু শনিবারও স্কুল খোলা থাকবে। তবে জ্বালানি সংকট, যানজট এবং হামের প্রাদুর্ভাব বিবেচনায় রেখেই অনলাইনে ক্লাস নেওয়ার বিকল্প পদ্ধতি গুরুত্ব পাচ্ছে।
তিনি বলেন, “একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হতে পারে—এ বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।”
শিক্ষামন্ত্রী আরও জানান, স্কুল পর্যায়ে প্রথমে এই পদ্ধতি চালু করার চিন্তা করা হলেও কলেজ পর্যায়েও প্রযোজ্য হতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত আলাদা ব্যবস্থাপনা থাকতে পারে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা বিকল্প পরিবহন ব্যবস্থার বিষয়ও বিবেচনা করছেন, যার মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত যানবাহন অন্তর্ভুক্ত।

