নড়াইল সদর উপজেলায় ডিজেল দিতে না পারায় এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাহিদ সরদার (৩৩)। তিনি সদর উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পাম্পের আরেক কর্মচারী জিহাদ মোল্যা (২৭) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সুজাত মোল্যা নামে এক ট্রাকচালক ডিজেল নিতে ওই ফিলিং স্টেশনে যান। তবে পাম্পে পর্যাপ্ত ডিজেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতার কথা জানান। এ নিয়ে চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
পরে রাত ২টার দিকে দায়িত্ব শেষ করে নাহিদ ও জিহাদ মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারা তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয় এবং জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

