টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে হওয়ায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায়।
নিহতরা হলেন—সুলতান মাহমুদ (২৮), রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তাদের মধ্যে সুলতান মাহমুদ ও রিফা রেসা ছিলেন চাচাতো ভাই-বোন। নার্গিস আক্তার ও তার ছেলে নিরবও একই পরিবারের সদস্য। সবাই জীবিকার তাগিদে গার্মেন্টস কারখানায় কাজ করতেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাদাত হোসেন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সবাই নিম্নআয়ের শ্রমজীবী মানুষ ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছে জ্বালানি শেষ হয়ে থেমে যায়। এতে কিছু যাত্রী বাস থেকে নেমে পাশের রেললাইনে গিয়ে বসে সময় কাটাচ্ছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ওই স্থান অতিক্রম করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় নিজপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, আর একসঙ্গে এতগুলো প্রাণহানিতে এলাকায় তৈরি হয়েছে গভীর বেদনার পরিবেশ।

