ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার এই ভূকম্পন রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। একই ধরনের তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভূতাত্ত্বিকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়া ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত দিতে পারে, যা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

